আজ ১৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আট দিনব্যাপী এ আসরের পর্দা নামবে ২৩ এপ্রিল। উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের যুবরাজ শামীমের ‘অতল’ ও আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমা দুটি। এর মধ্যে দেশের বর্তমান যাত্রাশিল্পের ভঙ্গুর বাস্তবতা ফুটিয়ে তোলা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায় প্রিন্সেস রোজি নামের এক নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। এটিই ছবির প্রধান চরিত্র। আর সিনেমাটি এ রকম একটি আন্তর্জাতিক উৎসবে স্থান পাওয়ায় কয়েকদিন ধরেই ফুরফুরে মেজাজে ‘ভয়ঙ্কর সুন্দর’খ্যাত অভিনেত্রী ভাবনা। এরই মধ্যে উৎসবে অংশ নিতে মস্কো পৌঁছেছেন ভাবনাসহ সিনেমাটির পরিচালক আসিফ ইসলাম এবং প্রযোজক জান্নাতুল বাকের খান।
মস্কোর মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে নিজের কাজ প্রদর্শিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ভাবনা বলেন, ‘আমি আমার শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাই। মস্কোর মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে আমার সিনেমা নির্বাচিত হওয়ার অনুভূতি সত্যিই ভীষণ আনন্দের।’ তিনি আরও বলেন, ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায় অভিনয়ের জন্য আমাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছে। শুধু তাই নয়, যাত্রাশিল্পীদের মতো নাচ ও অভিনয়ও শিখতে হয়েছে। প্রিন্সেস রোজি চরিত্রটি করতে গিয়ে শারীরিক ও মানসিকÑ দুই দিকেই পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। চরিত্রটিকে আমি ভালোবেসে ফেলেছি। এটি আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন কাজ।’
ছবিটি প্রসঙ্গে পরিচালক আসিফ ইসলাম বলেন, শৈশবে ঢাকার প্রান্তবর্তী একটি দুর্গাপূজার মেলায় প্রথম যাত্রা দেখি। সেই অভিজ্ঞতা আমার মনে গভীর ছাপ ফেলেছিল। পরে বহু বছর পর আবার যাত্রা দেখতে গিয়ে বুঝতে পারি, একসময়কার কাহিনিনির্ভর যাত্রা অনেকটাই বদলে গেছে। সেই পরিবর্তনের অভিজ্ঞতাই এই সিনেমার গল্পে তুলে ধরেছি। চলচ্চিত্রটি প্রতিযোগিতা বিভাগের বাইরে ‘আর্টকোর’ বিভাগে প্রদর্শিত হবে, এর আগে আমার ‘নির্বাণ’ একই উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছিল। আশা করি এবারও ভালো সাড়া পাব।
নির্মাতা সূত্রে জানা গেছে, বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার মঞ্চ যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে প্রাপ্তবয়স্কদের নৃত্য-আসরে। বাস্তব জীবনের এমন অভিজ্ঞতা থেকেই নির্মাতা আসিফ ইসলাম নির্মাণ করেছেন ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ চলচ্চিত্রটি।