ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে প্রাইভেটকারের চাপায় অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে কামরান মোল্লা নামে এক ব্যক্তি জানান, তাদের বাসা বাড্ডায়। রাত ৩টার দিকে এক জরুরি রোগী নিয়ে হাসপাতালে এসেছিলেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেট দিয়ে ঢুকার সময় পুলিশ ক্যাম্পের সামনে রাস্তায় বস্তা মুড়িয়ে শুয়ে ছিল ওই বৃদ্ধা নারী। তবে প্রাইভেটকার চালক আলম সেটি বুঝতে পারেনি। সে ভেবেছিল, খালি বস্তা ফেলে রেখেছে কেউ। গাড়ির ভিতর জরুরি রোগী থাকায় দ্রুত সে সেটির উপর দিয়েই চলে আসে। পরে বুঝতে পেরে গাড়ি থামিয়ে ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করান। পরবর্তীতে চিকিৎসাধীন ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই গাড়ি চালককে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। শাহবাগ থানা ঘটনাটি তদন্ত করছে।
