মেসিদের লিগে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন নেইমার 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে নিয়ে ফুটবল বিশ্বে দলবদলের গুঞ্জন নতুন কিছু নয়। তবে সম্প্রতি মেজর লিগ সকার থেকে আসা বড় প্রস্তাবের মুখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। শত জল্পনার অবসান ঘটিয়ে নেইমার জানিয়েছেন, শৈশবের ক্লাব সান্তোসের সাথেই আপাতত নিজের চুক্তির মেয়াদ পূর্ণ করতে চান তিনি।

এপ্রিলের শুরুতে ইএসপিএন-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্রের ক্লাব এফসি সিনসিনাটি নেইমারকে চলতি গ্রীষ্মকালীন উইন্ডোতেই দলে ভেড়াতে আগ্রহী। ক্লাবটি এমনকি নেইমারের প্রতিনিধিদের সাথে প্রাথমিক যোগাযোগও শুরু করেছিল।

তবে সান্তোসের সাথে চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ নেইমার সরাসরিই জানিয়ে দিয়েছেন, 'সত্যি বলতে, পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়ে আমি কিছু জানি না। সান্তোসের সঙ্গে বছরের শেষ পর্যন্ত আমার চুক্তি আছে এবং আমি সেটি পূর্ণ করার ইচ্ছা রাখি।'

২০২৬ সালে ইনজুরির কারণে নেইমার খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। এ বছর এখন পর্যন্ত মাত্র ৮টি ম্যাচে মাঠে নামতে পেরেছেন তিনি। তবে স্বল্প সুযোগেও নিজের জাত চিনিয়েছেন; ৪টি গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে। দীর্ঘ বিরতির পর ইনজুরি থেকে ফিরে গত মঙ্গলবার দেপোর্তিভো রিকোলেতার বিপক্ষে সান্তোসের হয়ে ১-১ ড্রয়ের ম্যাচেও একটি গোল করেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।

মঙ্গলবার ঘরের মাঠে ড্র করার পর সান্তোস সমর্থকদের তোপের মুখে পড়ে পুরো দল। মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে দুয়োধ্বনি শুনতে হয় নেইমারদের। এমনকি এক ভক্তের সাথে তর্কে জড়াতেও দেখা যায় নেইমারকে। তবে এসবে দমে না গিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নেইমার লিখেছেন,'পরাজয়, ড্র কিংবা জয়—সবই ফুটবলের অংশ! উন্নতির জন্য আমাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে... আমরা এই একটি জিনিসই এখন করতে পারি।'

এদিকে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিও আশার আলো দেখাচ্ছেন ভক্তদের। সম্প্রতি তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেওয়ার জন্য নেইমারের কাছে এখনও যথেষ্ট সময় আছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত