বাংলাদেশে সফরের জন্য পাকিস্তান দল ঘোষণা, নতুন কোচ সরফরাজ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এএম

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজের জন্য বড় চমক হিসেবে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চার তরুণ ক্রিকেটার—আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং গাজী ঘোরি।

শান মাসুদের নেতৃত্বাধীন এই দলে ব্যাপক পরিবর্তন এসেছে কোচিং প্যানেলে। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সরফরাজ আহমেদের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক এবং বোলিং কোচের দায়িত্ব পালন করবেন উমর গুল।

কোচিং স্টাফের এই পরিবর্তন নিয়ে পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আসাদ শফিক ও উমর গুলের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে যেন তারা খেলোয়াড়দের কারিগরি ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করতে পারেন। সরফরাজ আহমেদের অভিজ্ঞতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা টেস্ট সিরিজে দলের জন্য সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।’

দলে ডাক পাওয়া চার নতুন মুখের মধ্যে কেবল উইকেটরক্ষক ব্যাটার গাজী ঘোরির আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। গত মাসে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছিলেন তিনি। বাকি তিন তরুণ ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের নজরে এসেছেন।

বর্তমানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলায় খেলোয়াড়দের যোগ দেওয়ার ক্ষেত্রে ভিন্ন পরিকল্পনা নিয়েছে পিসিবি। পিএসএল শেষে আগামী ২ মে পাকিস্তান দল বাংলাদেশে পৌঁছাবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে ঢাকায় এবং দ্বিতীয় টেস্ট ১৬ মে সিলেটে।

পাকিস্তান টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত