চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ ভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সিঁড়িঘরের টিনের চাল কেটে প্রশাসনিক কর্মকর্তার কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা বিভিন্ন মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়।
জানা যায়, প্রশাসনিক কর্মকর্তার কক্ষে থাকা তিনটি স্টিলের আলমারি ভেঙে ফেলা হয়। চোরেরা টেবিলের ওপর থাকা দুটি ডেস্কটপ (মূল্য প্রায় ৪০ হাজার টাকা), একটি ল্যাপটপ (মূল্য ৪০ হাজার টাকা), একটি কালার প্রিন্টার (মূল্য ২০ হাজার টাকা), একটি মাউস, একটি কিবোর্ড এবং একটি মনিটর (মূল্য ৮ হাজার ১০০ টাকা) চুরি করে নিয়ে যায়। এছাড়া আলমারিতে রাখা ‘থ্যালাসেমিয়া হাসপাতাল নির্মাণ’ লটারির বিক্রির নগদ ১ হাজার ৯০০ টাকাসহ মোট প্রায় ১ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহাদত হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রবিবার সন্ধ্যায় কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম শামীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১৮ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ১৯ এপ্রিল সকাল ৯টার মধ্যে যে কোনো সময় এ চুরির ঘটনা ঘটে। তবে অভিযোগে এখনো কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
তিনি আরও জানান, চন্দনাইশ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনকে অবহিত করা হয়েছে।
চন্দনাইশ থানার এসআই তাওহীদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
