অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:২২ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি বলেছেন, কেবলমাত্র টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব। যেটা বিগত সরকার, অন্তর্বর্তী সরকারের আমলে ভুল নীতি নেওয়ার কারনে এই টিকাদান ব্যাহত হয়েছিলো। ২০২০ এর পর ২০২৫ এ আরেকটি জরুরি টিকাদান হওয়া উচিত ছিল যেটি সে সময় হয়নি। তার আগের ১৫ বছরে স্বাস্থ্য ব্যবস্থায় যে অব্যবস্থা তৈরি হয়েছিল সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছিল ফলে দেখা গেল মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরাও কাজ করার সুযোগ পায়নি এবং আনেকেরই বেতন-ভাতা নিয়েও সমস্যা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন শেষে তিনি একথা বলেন। 

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরই ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা সঙ্গে সঙ্গে এটির চিকিৎসা ও প্রতিরোধে জরুরী পদক্ষেপ গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় প্রথমে উচ্চ ঝুঁকিপূর্ণ, দ্বিতীয় ধাপে ৫টি মহানগরীতে টিকাদান শেষে আজ থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হলো। এই কর্মসূচিতে ১ কোটি ৭৮ লক্ষ শিশুকে টিকাদান করা হবে।‎‎

এ টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো. নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত