চট্টগ্রামে মাদক বেচাকেনার মাধ্যমে অবৈধ সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রূপম চৌধুরী নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রূপম চৌধুরী (৪১) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী এলাকার দয়াল চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন জানান, মাদক বেচাকেনার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রূপম চৌধুরীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত জানায়, দুদকের দাখিল করা সম্পদ বিবরণীতে ৬৫ লাখ ৬ হাজার ৮৩০ টাকার সম্পদের তথ্য গোপন করেন রূপম। এর মধ্যে স্থাবর সম্পদ ৩৮ লাখ ২৩ হাজার ৪৩৯ টাকার এবং অস্থাবর সম্পদ ২৬ লাখ ৮৩ হাজার ৩৯১ টাকার। এ ছাড়া তার বিরুদ্ধে এক কোটি ৬১ লাখ ৫১ হাজার ৮৩০ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের প্রমাণ পাওয়া গেছে, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
