চসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হেলালী

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আগামী নির্বাচনে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। তিনি দলের চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার (২১ এপ্রিল) জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (২০ এপ্রিল) রাতে নগর জামায়াতের মজলিশে শূরার বৈঠকে মেয়র প্রার্থী চূড়ান্ত হওয়ার বিষয়টি ঘোষণা করা হয়।

চট্টগ্রামে জামায়ত নেতা মুহাম্মদ উল্লাহ জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করতে গত ফেব্রুয়ারিতে সাংগঠনিক প্রক্রিয়া শুরু করে জামায়াত। বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের কাছ থেকে নেওয়া হয় গোপন ভোট। প্রাথমিক প্রক্রিয়া শেষে কেন্দ্রের কাছে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে পাঁচজনের তালিকা পাঠায় মহানগর জামায়াত।

তারা হলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী মোহাম্মদ শফিউল আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কাইয়ুম।

তিনি জানান, কেন্দ্র থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের আগামী নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করা হয়েছে। সোমবার রাতে নগর জামায়াতের শূরা বৈঠকে তা ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত