বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ব‍্যবসা নয়, ব‍্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০২:০৬ পিএম

সরকার ব‍্যবসা করবে না, ব‍্যবসায়ীদের সহযোগিতা করবে বলে মন্তব্য করেছে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

তিনি বলেন, ব‍্যবসায়ীদের প্রতিবন্ধকতা দূর করে ব‍্যবসায়ীবান্ধব পরিবেশ তৈরি করে দেওয়া হবে। ইতোমধ‍্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ শুরু করেছি। তারেক রহমানের মূল উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনৈতিক চাকাকে গতিশীল করা। ব‍্যবসায়ীদের পাশে সরকার আছে, থাকবে। সরকার ব‍্যবসা করবে না, ব‍্যবসায়ীদের সহযোগিতা করবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঘোড়াশাল প্রাণ কারখানা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নরসিংদীর দুটিসহ সারাদেশেই বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু প্রসঙ্গে শরীফুল আলম বলেন, এসব কারখানায় দেশি-বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। আর এই কর্মসংস্থান সৃষ্টি হলে আগে স্থানীয়রা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে বন্ধ থাকা জুটমিলগুলো লিজের নামে লুটপাট করা অভিযোগ রয়েছে। বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। যদি কোনো অসঙ্গতি থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্মসচিব হাফসা বেগম, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহদত হোসেন কবির, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমদেসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ অন্যান্য কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত