১৩ মিনিটে সৌরভের হ্যাটট্রিক; অন্তত একটি শিরোপার আশা জাগলো মোহামেডানের

পুলিশকে হারিয়ে বসুন্ধরা কিংসও উঠেছে ফেডারেশন কাপের সেমিফাইনালে

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম

ফুটবল লিগের শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছে মোহামেডান। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হারের পর কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করেছে। ফেডারেশন কাপ থেকেও ছিটকে পড়ার শঙ্কা জেগেছিল। তবে আজ সৌরভ দেওয়ানের ১৩ মিনিটের হ্যাটট্রিকে পড়শী আরামবাগ কেসিকে হারিয়ে একটা শিরোপা জয়ের সম্ভাবনা বাচিয়ে রেখেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। 

গ্রুপ বি'র আগের দুই ম্যাচে ড্র করায় মোহামেডান পুলিশের চেয়েও এক পয়েন্টে পিছিয়ে পড়েছিল মোহামেডান। প্লে-অফে উঠতে হলে আরামবাগকে মোহামেডানকে হারালেই হতো না, পুলিশকে হারতে হতো বসুন্ধরা কিংসের কাছে। রাজধানীর কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ডরিয়েল্টনের এক হালি গোলে কিংস পুলিশকে হারানোয় সুযোগ হয়ে যায় মোহামেডানের প্লে-অফে ওঠার।

কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে জুয়েলের এক গোলে এগিয়ে ছিল মোহামেডান। ডরিয়েল্টনের চার গোলের খবর জানার পর আরামবাগের ওপর তেড়েফুড়ে ওঠে তারা। ৭৬ থেকে ৮৯ মিনিটের মধ্যে সৌরভ দেওয়ান করেন হ্যাটট্রিক। শেষপর্যন্ত ৪-০ গোলের জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে প্লে-অফ নিশ্চিত করে তারা। 

বি গ্রুপের শেষ ম্যাচ ডে’র মাধ্যমে মিলে গেছে প্রথম কোয়ালিফায়ার্সের লাইন-আপ। এ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাদার্সের বিপক্ষে খেলবে বি গ্রুপ সেরা বসুন্ধরা কিংস। মোহামেডানকে অবশ্য অপেক্ষায় থাকতে হবে ২৮ এপ্রিল অবধি। সেদিন এ গ্রুপের শেষ ম্যাচ ডে’তে ফকিরেরপুলের বিপক্ষে খেলবে রহমতগঞ্জ ও আবাহনী খেলবে পিডব্লিউডি’র সঙ্গে। রহমতগঞ্জ জিতলে ১৭ মে তারাই হবে মোহামেডানের দ্বিতীয় কোয়ালিফায়ার্সের প্রতিপক্ষ। রহমতগঞ্জ পয়েন্ট খোয়ালে আবাহনীর সুযোগ থাকবে যদি তারা পিডব্লিউডিকে হারাতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত