অবশেষে জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রের নৈপুণ্যে আলাভেসকে ২-১ গোলে হারিয়ে টানা চার ম্যাচের জয়হীন যাত্রার অবসান ঘটিয়েছে আলভারো আরবেলোয়ার শিষ্যরা। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ব্যবধান কিছুটা কমিয়ে আনল লস ব্ল্যাঙ্কোসরা।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় এবং লিগের গত দুটি ম্যাচে আশানুরূপ ফল না পাওয়ায় সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের মধ্যে যথেষ্ট উদ্বেগ ছিল। তবে মঙ্গলবার রাতের এই জয় মাদ্রিদ শিবিরে স্বস্তি ফিরিয়েছে।
ম্যাচের ৩০ মিনিটে ডেডলক ভাঙেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করা এক শটে তিনি বল জালে জড়ান। এটি লিগে তার ২৪তম গোল। ফেব্রুয়ারির পর এটিই লিগে তার প্রথম গোল।
গত ৬ ম্যাচে গোলহীন থাকা ভিনিসিয়ুস জুনিয়র ৫০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন। গোল করার পর হাত জোড় করে সমর্থকদের কাছে ক্ষমা চাইতেও দেখা যায় এই ব্রাজিলিয়ান তারকাকে।
ম্যাচের শেষ দিকে আলাভেস একটি গোল শোধ করলে কিছুটা উত্তেজনা তৈরি হয়, তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ের পর রিয়াল মাদ্রিদ এখন বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে। কোচ আলভারো আরবেলোয়া বলেছেন, "আমাদের হাতে আরও ৬টি ম্যাচ আমাদের লক্ষ্য হলো বাকি সবকটি ম্যাচ জেতা, ফল যাই হোক না কেন। প্রতিটি ম্যাচই এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।"
রিয়াল মাদ্রিদের জন্য গত কয়েক সপ্তাহ ছিল বিভীষিকার মতো। বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর জিরোনার সাথে ড্র এবং মায়োর্কার কাছে হার দলকে মানসিকভাবে পিছিয়ে দিয়েছিল। এমনকি আলাভেসের বিরুদ্ধে ম্যাচের শুরুতেও গ্যালারি থেকে দুয়োধ্বনি ভেসে আসতে দেখা যায়। তবে এই তিন পয়েন্ট অর্জন করে শিরোপার দৌড়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখল রিয়াল।
