হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিল। এ নিয়ে এই হাসপাতালে হাম ও হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু হলো।
গত ১৮ এপ্রিল ১০ মাস বয়সি শিশুটিকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ২৩ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৪৮ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৪৭ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৬৬৭ শিশু। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৬৫ শিশু।
