কালীগঞ্জে গ্যারেজ কর্মচারীকে ইউএনওর ‘থাপ্পড়’

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে ফুয়েল কার্ডের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় এক মোটরসাইকেল গ্যারেজ কর্মচারীকে চপেটাঘাত করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের বিরুদ্ধে।

উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট বাজারের ‘লুবানা ফিলিং স্টেশনে’ ​বুধবার (২২ এপ্রিল) বিকেলে  এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

​স্থানীয়রা জানান, চাপারহাট কলেজের সহকারী অধ্যাপক গোলক চন্দ্র অসুস্থ থাকায় তার মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের জন্য স্থানীয় গ্যারেজ মালিক প্রদীপের সহায়তা চান। প্রদীপ তার কর্মচারী নদীকে ওই শিক্ষকের ফুয়েল কার্ড ও টাকা দিয়ে ফিলিং স্টেশনে পাঠান।

​রহিম নামের একজন প্রত্যক্ষদর্শী দাবি করে বলেন, নদী লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তদারকিতে থাকা ইউএনও শামীমা আক্তার জাহান তার কার্ডটি পরীক্ষা করেন। কার্ডের ছবির সঙ্গে নদীর চেহারার মিল না পেয়ে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই তাকে থাপ্পড় মারেন তিনি।

​ভুক্তভোগী নদী বলেন, আমি গ্যারেজ মেকানিক। মালিকের কথায় অসুস্থ এক শিক্ষকের কার্ড নিয়ে তেল নিতে এসেছিলাম। ইউএনও কোনো কথা না বলেই আমাকে কয়েকটি থাপ্পড় মারেন। বিনা অপরাধে আমাকে লাঞ্ছিত করা হয়েছে, আমি এর বিচার চাই।

​অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও শামীমা আক্তার জাহান বলেন, আমি শুধু তার গাড়ির চাবি নিয়েছিলাম, গায়ে হাত তুলিনি। সম্ভবত তার কাছে সঠিক কার্ড ছিল না এবং নিয়ম না মেনে লাইনে দাঁড়ানোর কারণে চাবি নিয়ে পরে অফিসে যোগাযোগ করতে বলা হয়েছিল। পরবর্তীতে তার অভিভাবকরা এলে চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত