চোটের মিছিল: সার্জ নাবরির বিশ্বকাপ শেষ, ইয়ামালকে নিয়ে শঙ্কা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম
ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় কাঁপছে বিশ্ব, কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বড় ধাক্কা খেলো ফুটবল পরাশক্তিগুলো। চোটের গ্রাসে পড়ে একে একে বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন রদ্রিগো, সার্জ ন্যাব্রির মতো নামী ফুটবলাররা। কেউ বা লড়ছেন সময় আর ভাগ্যের সঙ্গে। একনজরে দেখে নিন কোন দলের কারা এখন ইনজুরি তালিকায়:
 
ব্রাজিলের ‘মিশন হেক্সা’ কি বড় হুমকিতে?

সেলেসাও শিবিরে ইনজুরির হানা সবচেয়ে ভয়াবহ। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগো গত মার্চে এসিএল ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। অন্যদিকে, চেলসির নতুন বিস্ময় এস্তেভাও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে এখন বড় শঙ্কার মুখে। ব্রাজিল ভক্তদের জন্য এটা বড় এক দুঃসংবাদ।
 
জার্মানি ও ফ্রান্সের বড় ক্ষতি
 
জার্মান তারকা সার্জ ন্যাব্রির বিশ্বকাপে খেলা হচ্ছে না—এটি তিনি নিজেই নিশ্চিত করেছেন। উরুর পেশি ছিঁড়ে যাওয়ায় মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফরাসি শিবিরেও লেগেছে ধাক্কা; লিভারপুল তারকা হুগো একিতিকে গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।
 
ইয়ামালকে নিয়ে স্পেনের দু:শ্চিন্তা
 
বার্সেলোনার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে খেলার সময় এই স্প্যানিশ বিস্ময় বালক বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, পেশি ছিঁড়ে যাওয়ার কারণে তিনি চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো আর খেলতে পারছেন না। তবে স্বস্তির খবর হলো, চিকিৎসকদের মতে তার এই চোট সেরে উঠতে ৩ থেকে ৫ সপ্তাহ সময় লাগতে পারে, যার ফলে জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই তিনি সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। 
 
শঙ্কায় আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিবিরেও স্বস্তি নেই। ভ্যালেন্টিন কার্বোনি এবং হুয়ান ফয়েথ চোটে পড়ে এখন অনিশ্চিত অবস্থায় আছেন। মেক্সিকোর গোলরক্ষক লুইস মালাগন এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের সার্জিনো ডেস্ট ও প্যাট্রিক আগেমাং এর খেলা নিয়েও ঝুলে আছে অনিশ্চয়তার তলোয়ার।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত