টাঙ্গাইলের সখীপুরে কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সড়কে গাছ পড়ে যাওয়ায় চলাচল ব্যাহত হয়েছে।
বুধবার রাত ৯ টার দিকে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়।
উপজেলা কৃষি কার্যালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলাবাগান। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১৫ হেক্টর জমির কলাগাছ ভেঙে পড়েছে। এছাড়া কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টির কারণে ধানখেত, লিচু ও আমবাগানের আমের গুটি ঝরে পড়া ও ডালপালা ভেঙে যাওয়ায় বাগান মালিকরাও ক্ষতির মুখে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার ভোরে সখীপুর-সিডস্টোর সড়কে অর্ধশতাধিক গাছ ভেঙ্গে পড়ে আছে। পরবর্তীতে স্থানীয়রা নিজ উদ্যোগে গাছগুলো সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।
উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের কলাচাষী আমিনুল ইসলাম জানান, আমার তিন শতাধিক সরবি কলা গাছ ভেঙ্গে গেছে।
উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামের মামুন মিয়া জানান, আমার শতাধিক কলাগাছ ভেঙে গেছে ও ধান খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মণ বলেন, আমরা মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। যেসব কলাগাছ কেবল হেলে পড়েছে, সেগুলো খুঁটি দিয়ে সোজা করার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া বিক্রয়যোগ্য কলাগুলো দ্রুত বাজারে বিক্রির পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে— যা দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
মাইকিং করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০