৩৪ সেকেন্ডের গোলের জয়ে কিংসের ঘাড়ে নিঃশ্বাস আবাহনীর

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শিরোপা জয়ের লড়াই এখন তুঙ্গে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে আজ ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সমান ২৮ পয়েন্ট সংগ্রহ করল আকাশী-নীলরা।

টানা ষষ্ঠ জয়ে ১৩ ম্যাচে আবাহনীর সংগ্রহ ২৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে কিংসের পয়েন্টও ২৮। আগামীকাল শনিবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে কিংস যদি ড্র বা জয় পায়, তবে তারা পুনরায় এককভাবে শীর্ষস্থান দখল করবে। এই ম্যাচের আগে আবাহনী ও ফর্টিস—উভয় দলেরই পয়েন্ট ছিল ২৫। আজকের হারে ফর্টিস পয়েন্ট টেবিলে কিছুটা পিছিয়ে পড়ল।

ম্যাচের শুরুটা ছিল নাটকীয়। ঘড়ির কাঁটায় তখন মাত্র ৩৪ সেকেন্ড! ডান দিক থেকে মিরাজুলের বাড়ানো একটি ক্রস ঠেকাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে ফর্টিসের রক্ষণভাগ। লঙ্কান গোলরক্ষক সুজান পেরেইরা বল ধরতে এগিয়ে এলেও সামনে চলে আসেন ডিফেন্ডার মিঠু চৌধুরী। দুজনের ভুল বোঝাবুঝিতে বল মিঠুর গায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়।

শুরুতেই পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি ফর্টিস। দলের প্রাণভ্রমরা পা ওমর বাবু লাল কার্ডের কারণে মাঠের বাইরে থাকায় ফর্টিসের আক্রমণভাগ ছিল ছন্দহীন। অন্যদিকে, আবাহনীও তাদের তারকা ফরোয়ার্ড শেখ মোরছালিনকে ছাড়াই মাঠে নেমেছিল। পুরো ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত ১-০ ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে আবাহনী।

দিনের অপর ম্যাচে মানিকগঞ্জে মুখোমুখি হয়েছিল রহমতগঞ্জ ও আরামবাগ। পুরো ম্যাচে রহমতগঞ্জ আধিপত্য বিস্তার করে খেললেও গোলমুখে ব্যর্থতার পরিচয় দেয়। সেই সুযোগে দ্বিতীয়ার্ধের শুরুতে ঘানাইয়ান ফরোয়ার্ড কিজিতোর দারুণ এক গোলে ১-০ ব্যবধানের জয় তুলে নেয় আরামবাগ।

অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা আরামবাগের জন্য এই তিন পয়েন্ট অত্যন্ত মূল্যবান। ১৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ এখন ১৩ পয়েন্ট। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রহমতগঞ্জ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত