'রিশাদের মতো বোলার এই অঞ্চলে অনেক দিন দেখা যায়নি'

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন এবং গতি তারকা নাহিদ রানাকে নিয়ে স্তুতি ঝরল কিউই স্পিনার ইশ সোধির কণ্ঠে। বিশেষ করে রিশাদ হোসেনের উচ্চতা এবং বোলিং বৈচিত্র্য সোধিকে এতটাই মুগ্ধ করেছে যে, তাকে এই অঞ্চলের ক্রিকেটে এক 'বিরল প্রতিভা' হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সোধি আজ চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বলেন, "সাধারণত এশিয়ান লেগ স্পিনাররা কিছুটা নিচু থেকে ফ্ল্যাট বোলিং করে। কিন্তু রিশাদ বেশ প্রথাগত ধারার বোলার। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা হওয়ায় সে বলের ওপর জোর দিয়ে বাড়তি বাউন্স আদায় করে নিতে পারে। সত্যি বলতে, এই অঞ্চলের ক্রিকেটে অনেক দিন ধরে এ ধরনের বোলার দেখা যায়নি।"

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে রিশাদের দারুণ পারফরম্যান্সের কথা টেনে ১৪০ টি-টোয়েন্টিতে ১৬২ উইকেটশিকারী সোধি আরও যোগ করেন, "বিগ ব্যাশে অত চমৎকার বোলিং করাটাই প্রমাণ করে সে কতটা প্রতিভাবান। আমি আশা করি সে টেস্ট ক্রিকেটেও জায়গা করে নেবে। ওর মধ্যে সেই দক্ষতা নিশ্চিতভাবেই আছে।" উল্লেখ্য, রিশাদের সঙ্গে সোধির আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ রয়েছে।

প্রথম শ্রেণির ক্রিকেটে খেললেও এখনো টেস্টে রিশাদকে দেখা যায়নি। তাঁর সঙ্গে ইনস্টাগ্রামে আগে থেকেই যোগাযোগ আছে সোধির, দুজনের কথা হয়েছে বাংলাদেশ–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজেও। রিশাদকে টেস্টে দেখার আগ্রহটা আজ জানিয়ে রাখলেন সোধি, ‘আমার মনে হয়, ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে এবং আশা করি, সে টেস্ট ক্রিকেটেও জায়গা করে নিতে পারবে। সত্যি বলতে, টেস্ট ক্রিকেটে আবারও লেগ স্পিন দেখাটা হবে দারুণ ব্যাপার, যা আজকাল বেশ বিরল, তা–ই না? তবে ওর মধ্যে নিশ্চিতভাবেই সেই দক্ষতা আছে।’

শুধু রিশাদ নয়, বাংলাদেশের নতুন গতি তারকা নাহিদ রানার বোলিং দেখেও বিস্মিত হয়েছেন এই কিউই স্পিনার। যদিও টি-টোয়েন্টি সিরিজে নাহিদ রানা নেই, তবে ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্স নজর কেড়েছে কিউই শিবিরের।

নাহিদ রানাকে নিয়ে সোধি বলেন, "আমি আগে কখনো এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি, বিশেষ করে এশিয়ান কন্ডিশনে। আমি শুনেছি ওর প্রতিটি বল প্রচণ্ড গতির এবং ১০ ওভার জুড়েই সে সেই গতি ধরে রাখতে পারে। বাংলাদেশি পেসাররা এখন যেভাবে বল করছে, তারা বিশ্বের যেকোনো দলকে চ্যালেঞ্জে ফেলতে পারবে।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত