ব্রাদার্সকে হারিয়ে এককভাবে শীর্ষে বসুন্ধরা, মোহামেডানের রোমাঞ্চকর জয়

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আধিপত্য বজায় রেখে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। দিনের অন্য ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে নাটকীয় লড়াই শেষে পিডব্লিউডিকে ৩-১ গোলে পরাজিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

কিংসের জয় ও ইসহাকের দেয়াল

আগের দিন ফর্টিস এফসিকে হারিয়ে আবাহনী কিংসের সমান ২৮ পয়েন্ট অর্জন করলেও, আজ ব্রাদার্সকে হারিয়ে ৩১ পয়েন্ট নিয়ে ফের সিংহাসন ফিরে পেল কিংস। ম্যাচের ২২ মিনিটেই জয়সূচক গোলটি করেন ডরিয়েলটন গোমেজ। ডিফেন্ডার সাদ উদ্দিনের চমৎকার ক্রস থেকে বক্সে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এটি লিগে তাঁর ১৪তম এবং মৌসুমে সব মিলিয়ে ২১তম গোল।

তবে কিংসের জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো, যদি ব্রাদার্সের গোলরক্ষক ইসহাক আকন্দ চীনের প্রাচীর হয়ে না দাঁড়াতেন। অন্তত ৪টি নিশ্চিত গোল প্রতিহত করে তিনি ম্যাচজুড়ে নজর কেড়েছেন। সম্প্রতি জাতীয় দলের প্রাথমিক তালিকায় ডাক পাওয়া এই তরুণ গোলরক্ষকের পারফরম্যান্সে মুগ্ধ কোচ আশরাফুল ইসলাম বলেন, "ইসহাকের মাঝে দারুণ সম্ভাবনা আছে। নিয়মিত খেলার সুযোগ পাওয়াটা ওর উন্নতির জন্য বড় প্লাস পয়েন্ট।"

শেষ দিকে দুই গোল করে জয় ছিনিয়ে নেয় মোহামেডান

শেষ মুহূর্তের ঝড়ে মোহামেডানের জয়

গাজীপুরের তপ্ত রোদে পিডব্লিউডির বিপক্ষে ঘামঝরানো জয় পেয়েছে মোহামেডান। আলফাজ আহমেদের বিদায়ে দায়িত্ব নেওয়া কোচ আবদুল কাইয়ুম সেন্টুর অধীনে এটি দলটির টানা দ্বিতীয় লিগ জয়।

ম্যাচের ১৫ মিনিটে আরিফ হোসেনের ক্রসে জুয়েল মিয়ার হেডে লিড নেয় মোহামেডান। কিন্তু ৮৫ মিনিটে আবদুল্লাহর গোলে সমতায় ফিরে ম্যাচ জমিয়ে তোলে পিডব্লিউডি। পয়েন্ট হারানোর  শঙ্কা যখন উঁকি দিচ্ছিল, তখনই ৮৯ মিনিটে পেনাল্টি পায় সাদাকালোরা। উজবেক তারকা মোজাফফরভ গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। অতিরিক্ত সময়ে রাফায়েল টুডুর দর্শনীয় একক প্রচেষ্টার গোলে ৩-১ ব্যবধানে মাঠ ছাড়ে মোহামেডান।

১৪ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে মোহামেডান উঠে এসেছে পঞ্চম স্থানে। অন্যদিকে পরাজয়ের স্বাদ পাওয়া পিডব্লিউডি ১৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে এবং গোল ব্যবধানে এগিয়ে থেকে ব্রাদার্স ইউনিয়ন আছে সাত নম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত