কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় মুরাদনগরের বিক্রেতা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম

বাজারদরের ঊর্ধ্বগতির সময়ে কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন এক মাংস বিক্রেতা। যেখানে প্রতি কেজি গরুর মাংসের দাম ৮০০ থেকে ৯০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে, সেখানে মাত্র ৭৩০ টাকা কেজিতে মাংস বিক্রি করে ব্যাপক সাড়া ফেলেছেন অবিদ হাসান।

উপজেলার বাঙ্গরা বাজার থানার সদরে অবস্থিত ‘আল্লাহর দান ভাই ভাই মাংস’ দোকানে প্রতিদিনই দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ কেজি গরুর মাংস বিক্রি করছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, কম দামে ভালো মানের মাংস পাওয়ায় আশপাশের গ্রামসহ দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন এই দোকানে। এতে স্বস্তি পেয়েছেন সাধারণ ক্রেতারা। তাছাড়া প্রতিদিন সকালে হুজুর এনে জনসম্মুখে গরু জবাই করে মাংস বিক্রি করে বলে জানান ক্রেতারা।

অবিদ হাসান জানান, বাজারে যেখানে ৮০০ টাকা বা তার বেশি দামে মাংস বিক্রি হচ্ছে, সেখানে তিনি ইচ্ছাকৃতভাবেই কম দামে বিক্রি করছেন। এতে লাভ তুলনামূলক কম হলেও সাধারণ মানুষের কথা চিন্তা করেই এ উদ্যোগ নিয়েছেন।

এ উদ্যোগে ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। অনেকেই এটিকে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত