পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে চমক হিসেবে দুটি নতুন মুখ রয়েছে। ৮ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
নতুন মুখ হিসেবে বাংলাদেশ টেস্ট দলে ডাক পাওয়া হলেন- ওপেনার তানজিদ হাসান তামিম এবং ডানহাতি মিডল অর্ডার ব্যাটার অমিত হাসান।
ফেরার তালিকায়ও আছে তিনটি নাম। টেস্ট ক্রিকেট থেকে বিরতি শেষে ফিরছেন তাসকিন আহমেদ। লম্বা সময় পর ফিরেছেন আরেক পেসার শরীফুল ইসলাম। তাদের সঙ্গে ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান।
সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাকের আলি, সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মুরাদ। চোটের কারণে নেই হাসান মাহমুদ।
তানজিদ এবং অমিতকে দলে নেওয়া প্রসঙ্গে বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে বিবৃতি দিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। বাশার বলেছেন, ‘তানজিদ আমাদের টেস্ট ক্রিকেটের পরিকল্পনায় ছিল। তার প্রথম শ্রেণির ক্রিকেটের রেকর্ড খুবই ভালো এবং আমরা মনে করেছি টেস্টে নিজের সামর্থ্য দেখানোর সুযোগটা সে ডিজার্ভ করে। তার টেকনিক মজবুত এবং সহজাত সামর্থ্যও বেশ সমৃদ্ধ। আমরা আত্মবিশ্বাসী সুযোগ পেলে সে লম্বা ফরম্যাটেও ভালো পারফর্ম করতে পারবে।’
প্রধান নির্বাচক আরও জানান, ‘অমিত দলে ডাক পাওয়ার যোগ্যতা অর্জন করেছে, কারণ সে আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটের অন্যতম ধারাবাহিক একজন ব্যাটার। তার মানসিক দৃঢ়তা আলাদা করে নজর কাড়ে এবং আমরা বিশ্বাস করি টেস্ট ক্রিকেটের জন্য এটি খুবই উপযোগী। এই ফরম্যাটে ধৈর্য ও শৃঙ্খলা দরকার, আর সে দীর্ঘ সময় ধরে এই গুণগুলো দেখিয়ে আসছে। দুজন খেলোয়াড়ের সামনেই অনেক সময় আছে এবং তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ দলকে সার্ভ করতে পারবে।’
বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।