ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ বকুল

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম

ছাত্রছাত্রীরা ক্যাম্পাসগুলোতে আর কোনও গুপ্ত রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রফিকুল ইসলাম বকুল। ক্যাম্পাসগুলোতে আবারও অশনি সংকেত বলেও তিনি জানান ৷

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

হুইপ রফিকুল ইসলাম বকুল বলেন, ক্যাম্পাসগুলোতে আবারও অশনি সংকেত। এভাবে যদি গুপ্ত মব ক্রিয়েট করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা শুরু হয় সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য এইটা কখনোই সুখকর হবে না ৷ ভালো কিছু বয়ে আনবে না। আমাদের ছাত্রছাত্রীরা অনেক সময় নষ্ট করে ফেলেছেন ৷ তারা আর চান না ক্যাম্পাস অশান্ত হো। তারা চান ক্যাম্পাস শান্ত থাকুক। আর কোনও গুপ্ত রাজনীতি তারা দেখতে চায় না ৷ তারা চায় প্রকাশ্যে সব কিছুই হবে উন্মুক্তভাবে রাজনীতির চর্চা হবে।

তিনি বলেন, রাজনীতির কোনও আলোচনা যদি করতে হয় সবার মতামতের ভিত্তিতেই একটা রূপরেখা তৈরি করা যেতে পারে৷ আর যদি সংসদ মনে করে ক্যাম্পাসে কি টাইপের রাজনীতি চলবে সেটা নিয়েও সংসদে আলোচনা হতে পারে ৷ আমরা চাই ক্যাম্পাস শান্ত থাকুক কোনওভাবেই আমাদের রক্তের বিনিময়ে যে ক্যাম্পাস আমরা ফিরে পেয়েছি। এই ক্যাম্পাস আমরা আর নষ্ট করতে চাই না৷ আর চাই না কোনও মব ক্রিয়েট করে ফ্যাসিস্ট আমলের জামানায় আমরা ফিরে যেতে আমরা চাই না ৷ মেধার ভিত্তিতে আগামী দিনের ছাত্র সমাজ গড়ে উঠুক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত