ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (২৯ এপ্রিল)। এ উপলক্ষে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।
এর আগে ২৩ এপ্রিল প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে রাজ্যের সাতটি জেলায় মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। এতে প্রায় ৩ কোটি ২১ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় কেন্দ্রীয় বাহিনীর ২ হাজার ৪০০ কোম্পানি মোতায়েন করা হয়েছে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানায়, উত্তর ২৪ পরগণা থেকে বাংলাদেশ সীমান্তমুখী রাস্তাগুলোতে চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সাধারণ মানুষ ও যানবাহনের চলাচল সীমিত রাখা হয়েছে।
গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে এ বিধিনিষেধ কার্যকর করা হয়, যা ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চলবে। পেট্রাপোল স্থলবন্দরেও চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ স্থলবন্দর হিসেবে পরিচিত।
একজন বিভাগীয় ম্যাজিস্ট্রেট পিটিআইকে বলেন, সীমান্তবর্তী এলাকায় মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ২৬ এপ্রিল সন্ধ্যা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। উল্লেখ্য, প্রথম ধাপের নির্বাচনে প্রায় ৯২ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হটিয়ে রাজ্যটিতে সরকার গঠনের লক্ষ্য নিয়ে লড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি।
