কুড়িগ্রামে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নুর ইসলাম নামের এক ব্যক্তিকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালতে আসামির উপস্থিতিতে বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জয়নাল আবেদিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম (৪৫) জেলার ফুলবাড়ি উপজেলার গোরকমণ্ডল এলাকার মৃত উমর আলীর ছেলে।
আদালত জানান, ২০১৬ সালে তার বিরুদ্ধে ২৫ কেজি গাঁজা রাখার অভিযোগে ফুলবাড়ি থানার পুলিশ মামলা দায়ের করে। ওই মামলায় ফুলবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অভিযোগটি আনেন। মামলার তদন্ত শেষে পুলিশ নুর ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেন।
আদালত নির্দেশনানুযায়ী, আসামির পূর্বের হাজতবাসের সময় সাজার মেয়াদ থেকে বাদ যাবে।
কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তারিক বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আশরাফ।
