যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমোদনের সময়সীমা নিয়ে চাপের মুখে থাকাকালে ইরানের রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ছোট বিমান ও ড্রোন প্রতিহত করতে এই ব্যবস্থা চালু করা হয় বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
ইরানের তাসনিম ও ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, তেহরানের বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শোনা যায়। প্রায় ২০ মিনিট ধরে এসব ব্যবস্থা ছোট বিমান ও নজরদারি ড্রোন মোকাবিলায় সক্রিয় ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানানো হয়।
এদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়ার নির্ধারিত সময়সীমার মুখে রয়েছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে নতুন রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এপ্রিল মাসে ঘোষিত যুদ্ধবিরতির কারণে ৬০ দিনের অনুমোদনের সময় গণনা কার্যত স্থগিত রয়েছে। এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে বলেন, '২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতি ৭ এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে আর সক্রিয় নেই, তাই সংঘাতের ধারাবাহিকতা থেমে গেছে।'
এর আগে ৩০ এপ্রিল ইরানের সর্বোচ্চ নেতা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে 'লজ্জাজনক পরাজয়' স্বীকার করতে হয়েছে বলে দাবি করেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সেই সতর্কবার্তাও প্রত্যাখ্যান করেন, যেখানে বলা হয়েছিল ইরানের ওপর কয়েক মাসব্যাপী অর্থনৈতিক চাপ ও নৌ অবরোধ আরোপ করা হতে পারে।
এদিকে এই সংকটের মধ্যেই বিশ্ববাজারে তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে আবার কিছুটা কমে আসে। ইরানের পক্ষ থেকে প্রচারিত রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে 'ইরানই এখন এই সংকটের নিয়ন্ত্রণে রয়েছে'।
