১৩ মাসের সন্তান রেখে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তীরন্দাজ নাসরিন

আপডেট : ০২ মে ২০২৬, ১০:১৬ পিএম

সন্তানের বয়স মাত্র ১৩ মাস। এখনো মাকে ছাড়া কিছুই বোঝে না সে। কিছুক্ষণ পরপরই অবুঝ মনে খোঁজে প্রিয় মুখটি। কিন্তু ব্যক্তিগত আবেগ আর মাতৃত্বের মায়াকে একপাশে সরিয়ে রেখে দেশের লাল-সবুজ পতাকা রিপ্রেজেন্ট করতে চীনের উদ্দেশে উড়াল দিচ্ছেন আরচ্যার নাসরিন আক্তার। 

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ আরচ্যারি স্টেজ-২ এর জন্য শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) দল ঘোষণা করেছে ফেডারেশন। ১০টি ইভেন্টে অংশ নিতে যাওয়া ১৩ সদস্যের এই দলে সবার নজর কেড়েছেন রিকার্ভ আরচ্যার নাসরিন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত নাসরিন নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, 'মা হিসেবে কাজটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আমার সন্তান এখনো অনেক ছোট, কিছুক্ষণ পরপরই আমাকে খুঁজতে থাকে। তারপরও দেশের দায়িত্ব বড়। পরিবারের পূর্ণ সমর্থন আছে বলেই আমি আজ এই সাহসটা পাচ্ছি।' জানান স্বামী ও পরিবার শিশুটির দেখাশোনার দায়িত্ব নেওয়ায় কিছুটা দুশ্চিন্তামুক্ত হয়েই মিশনে যেতে পারছেন তিনি। 

নাসরিনের এই অদম্য মানসিকতার প্রশংসা করেছেন বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। তিনি বলেন, 'মা হওয়ার পরও নাসরিন যেভাবে নিজের ফর্ম ধরে রেখেছেন এবং আরচ্যারিতে ফিরেছেন, তা অবিশ্বাস্য। তার স্কোর এখনো আগের মতোই মানসম্মত।'

কোচ ফ্রেডেরিকের মতে, এই বিশ্বকাপটি মূলত আসন্ন এশিয়ান গেমসের বড় প্রস্তুতির জায়গা। তবে গত মাসে থাইল্যান্ডে এশিয়া কাপে স্বর্ণ জেতায় এবার কম্পাউন্ড ইভেন্ট নিয়ে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। স্বর্ণজয়ী দলের সদস্য হিমু বাছাড় আশাবাদী যে, বিশ্বকাপের মঞ্চেও তারা সাফল্যের ধারা বজায় রাখতে পারবেন।

সংবাদ সম্মেলনে এশিয়া কাপে স্বর্ণজয়ী তিন আরচ্যার—হিমু বাছাড়, ঐশ্বর্য্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবকে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল ৪১০ ডলার করে পুরস্কার প্রদান করেন। তবে ফেডারেশনের পক্ষ থেকে প্রতিশ্রুত অর্থ এবং সাবেক ক্রীড়া উপদেষ্টার ঘোষিত ১০ লাখ টাকা এখনো আরচ্যারদের হাতে না পৌঁছানোয় কিছুটা আক্ষেপ রয়ে গেছে। এ বিষয়ে ফেডারেশন সভাপতি মোখলেসুর রহমান জানিয়েছেন, দ্রুতই একটি অনুষ্ঠানের মাধ্যমে আরচ্যার ও কোচদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে।

নাসরিন আক্তারের সাফল্য

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারি ২০২২-এর রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক,  মিশ্র দলগত ইভেন্টের রোমান সানার সাথে জুটি বেঁধে স্বর্ণপদক, নারী দলগত ইভেন্টে দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশার সাথে মিলে স্বর্ণপদক। তিনিই প্রথম বাংলাদেশি নারী আর্চার যিনি একই আন্তর্জাতিক টুর্নামেন্টে তিনটি স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়েন।
এর আগে ২০১৮ সালে দক্ষিণ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের  রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে রোমান সানার সাথে জুটি বেঁধে স্বর্ণপদক, ২০১৯ এসএ গেমসের রিকার্ভ নারী দলগত ইভেন্টে স্বর্ণপদক। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত