মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৩ মে ২০২৬, ০১:১০ পিএম

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে কংগ্রেসের আগাম অনুমোদন ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 

শুক্রবার একাধিক ঘোষণায় বলা হয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি প্রয়োজন থাকায় স্বাভাবিক কংগ্রেসীয় পর্যালোচনা প্রক্রিয়া এড়িয়ে এসব বিক্রি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত চুক্তির মধ্যে রয়েছে ইসরায়েলের জন্য প্রায় ৯৯ কোটি ডলারের উন্নত নির্ভুল হামলা সক্ষমতা সম্পন্ন এপিকেডব্লিউএস সরঞ্জাম। কুয়েতের জন্য আড়াইশ কোটি ডলারের ব্যাটল কমান্ড সিস্টেম।  

এছাড়া কাতারকে প্রায় ৫০০ কোটি ডলারে এপিকেডব্লিউএস এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় মজুতের অনুমতি দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতকে প্রায় ১৪ কোটি ডলারের অস্ত্র কেনার অনুমোদন দেওয়া হয়েছে।  

মার্কিন কর্মকর্তারা বলছেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মার্কিন অস্ত্রের মজুত কমে গেছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বেড়েছে।

এর আগে মার্চ মাসেও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডানের জন্য ১৬৫ কোটি ডলারের পৃথক অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিল ওয়াশিংটন। সেখানে ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার ব্যবস্থা ও এফ-১৬ যুদ্ধবিমান অন্তর্ভুক্ত ছিল।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত