নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ২

আপডেট : ০৩ মে ২০২৬, ০৯:০১ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি টিম। 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ মে) রাত ৩টার দিকে র‍্যাব-১১ এর একটি টিম মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোহাগ মিয়া ও হীরা বেপারীকে ফতুল্লা থানার কুতুবপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- শরীয়তপুরের জাজিরা এলাকার আতিয়ার রহমানের পুত্র মো. সোহাগ মিয়া (২৯) ও বরিশাল গৌরনদী এলাকার আবুল বেপারীর পুত্র হীরা বেপারী (২৭)।  

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ জানায়, প্রাথমিক পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মো. সোহাগ মিয়া এবং হীরা বেপারীর বিরুদ্ধে ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়েরকৃত মাদক মামলার বিচারকার্য শেষে নারায়ণগঞ্জ স্পেশাল জজ আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

পরে র‌্যাব-১১ উক্ত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ফতুল্লা থানার কুতুবপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত