ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলায় নিহত ২

আপডেট : ০৫ মে ২০২৬, ০৫:১৪ পিএম

ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদকবাহী একটি নৌযানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

সোমবার (৪মে) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানায়, লাতিন আমেরিকার জলসীমায় মাদক পাচারকারীদের লক্ষ্য করে চলমান অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। অভিযানে ব্যবহৃত নৌযানটি 'পরিচিত চোরাচালান রুট' ব্যবহার করছিল বলে দাবি করেছে তারা।  

মার্কিন প্রশাসনের দাবি অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকে লাতিন আমেরিকার বিভিন্ন জলসীমায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত এসব হামলায় অন্তত ১৮৮ জন নিহত হয়েছেন। শুধু ক্যারিবিয়ান সাগর নয়, পূর্ব প্রশান্ত মহাসাগরেও একই ধরনের অভিযান চালানো হয়েছে।

সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি নৌযানে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত এ ধরনের নৌযানগুলো মাদক বহন করছিল—এমন কোনো স্বাধীন প্রমাণ প্রকাশ করেনি। শুধু 'সন্দেহভাজন মাদক পাচারকারী' হিসেবে উল্লেখ করেই এসব অভিযান চালানো হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, লাতিন আমেরিকার মাদকচক্রগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এখন 'সশস্ত্র সংঘাতে' জড়িত। তার মতে, এই অভিযান মাদক প্রবাহ কমাতে এবং অতিরিক্ত মাদক সেবনে মৃত্যুহার নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ।

তবে প্রশাসনের এসব দাবি নিয়ে বিতর্কও রয়েছে। 'নার্কো-সন্ত্রাসী' দমনের নামে চালানো এসব নৌ হামলার আইনগত বৈধতা ও স্বচ্ছ প্রমাণ নিয়ে প্রশ্ন রয়ে গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত