বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট ২’

আপডেট : ০৬ মে ২০২৬, ০৯:১৪ পিএম

বিশ্বের জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘মর্টাল কম্ব্যাট’ অবলম্বনে নির্মিত অ্যাকশন-ফ্যান্টাসি সিনেমা ‘মর্টাল কম্ব্যাট ২’ বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ মে। একই দিনে বাংলাদেশের দর্শকদের জন্য স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘মর্টাল কম্ব্যাট’ রিবুট চলচ্চিত্রের সরাসরি সিকুয়েল এটি। 

১৯৯২ সালের জনপ্রিয় ফাইটিং গেম থেকে অনুপ্রাণিত হয়ে ১৯৯৫ ও ১৯৯৭ সালে সিনেমা নির্মিত হলেও সেগুলো গেমের মতো জনপ্রিয়তা পায়নি। তবে ২০২১ সালের রিবুট সংস্করণটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে এটি অন্যতম সফল সিনেমা হিসেবে জায়গা করে নেয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স নিয়ে আসছে এর দ্বিতীয় কিস্তি। 

এবারের সিনেমার মূল আকর্ষণ জনপ্রিয় চরিত্র ‘জনি কেজ’। এই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা কার্ল আরবান। গল্পের কেন্দ্রে রয়েছে পৃথিবী-রাজ্য ও এর রক্ষকদের অস্তিত্ব রক্ষার লড়াই। আউটওয়ার্ল্ডের ভয়ংকর সম্রাট শাও কানের অন্ধকার শাসনের বিরুদ্ধে চ্যাম্পিয়নদের এই চূড়ান্ত ও রক্তক্ষয়ী টুর্নামেন্ট মোকাবিলা করতে হবে। 

গল্পে দেখা যাবে, সম্রাট শাও কানের উত্থানে পুরো পৃথিবী ধ্বংসের মুখে পড়ে। চ্যাম্পিয়নদের কেবল শত্রুর বিরুদ্ধেই নয়, বরং সম্রাট সৃষ্ট অভ্যন্তরীণ বিভাজনের কারণে নিজেদের মধ্যেও সংঘর্ষে লিপ্ত হতে হতে পারে। 

আগের সিনেমার সফল পরিচালক সাইমন ম্যাকোয়েড এই কিস্তিটিও পরিচালনা করেছেন। অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, অ্যাডলিন রুডলফ, জেসিকা ম্যাকনামি, যশ লসন ও চিন হানসহ আরও অনেকে। 

বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত থাকা এই গেম সিরিজের সিকুয়েল নিয়ে আগে থেকেই ব্যাপক হাইপ তৈরি হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, আগের কিস্তির তুলনায় এর অ্যাকশন দৃশ্যগুলো আরও বড় পরিসরে ও বাস্তবসম্মতভাবে চিত্রায়িত হয়েছে। ফলে বড় পর্দায় এক রোমাঞ্চকর অভিজ্ঞতার অপেক্ষায় আছেন দর্শকরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত