গোপালগঞ্জে ৪ ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৬ মে ২০২৬, ০৯:১৪ পিএম

গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি কাটার অনুমতি না থাকায় চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) বিকেলে সদর উপজেলার চারটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এবং ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী। 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে সদর উপজেলার সোহাগ ব্রিকস, রাজ ব্রিকস, স্টার ব্রিকস ও শিয়ার ব্রিকসে অভিযান চালানো হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি কাটার অনুমোদন না থাকায় সোহাগ ব্রিকসকে ৪ লাখ টাকা, রাজ ব্রিকসকে ৩ লাখ টাকা, স্টার ব্রিকসকে ৪ লাখ টাকা এবং শিয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ ১৬ লাখ টাকা।

তিনি আরও জানান, জরিমানাকৃত ইটভাটাগুলোর চুল্লি ভেঙে ফেলা হয়েছে এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী চারটি মামলা দায়ের করা হয়েছে। আদায়কৃত ১৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত