বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া শেখ তাসনিম আফরোজ ইমি মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ মে) ঘটনার দুই মাস পর জামিনে বের হন তিনি।
শেখ তাসনিম আফরোজ ইমির আইনজীবী অ্যাডভোকেট মুহা. নোমান হোসাইন এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। কারামুক্ত ইমি, পাশে থাকা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
এর আগে গত ৩০ এপ্রিল সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক এই ভিপি।
ওই দিন জামিন চেয়ে ইমির করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দিয়েছিলেন। আদালতে ওই দিন ইমির পক্ষে শুনানি করেন আইনজীবী মুহা. নোমান হোসাইন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।
চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মুসাদ্দিককে আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল বাধা দেয়। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
পরদিন ইমি, আসিফ আহমেদ ও মামুনসহ অজ্ঞাত ২০-৩০ জনের জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।