ভালভার্দের শাস্তি এড়ানোর চেস্টা, 'তিলকে তাল করা হচ্ছে'

আপডেট : ০৮ মে ২০২৬, ০৭:২৩ এএম

অরেলিয়েন চুয়ামেনির সাথে সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অবশেষে নীরবতা ভাঙলেন রিয়াল মাদ্রিদ তারকা ফেদে ভালভার্দে**। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি দাবি করেছেন, গণমাধ্যমে যা রটেছে ঘটনাটি মোটেও তেমন নয়। চুয়ামেনি তাঁকে আঘাত করেননি, বরং পুরো বিষয়টিই ছিল একটি 'দুর্ঘটনা'।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ভালভার্দে তাঁর বিবৃতিতে বলেন: 'গতকাল অনুশীলনে সতীর্থের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। টানা খেলার ক্লান্তি আর শিরোপাহীন মৌসুমের হতাশা থেকে সবকিছু একটু বেশিই ঘোলাটে হয়ে গিয়েছিল। আজকের বিতর্কের সময় আমি দুর্ঘটনাবশত একটি টেবিলের সাথে ধাক্কা খাই, যার ফলে কপালে ক্ষত সৃষ্টি হয়। আমার সতীর্থ (চুয়ামেনি) আমাকে কখনই আঘাত করেনি, আর আমিও তাঁকে আঘাত করিনি।'

ভালভার্দে সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেন, রিয়াল মাদ্রিদ বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলেই তিলকে তাল করা হচ্ছে। তাঁর ভাষ্যমতে, 'একটি স্বাভাবিক ড্রেসিংরুমে এমন ছোটখাটো বিতর্ক হতেই পারে। কিন্তু এখানে কেউ একজন গুজব ছড়াচ্ছে। রিয়াল মাদ্রিদ আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, তাই দলের এই কঠিন অবস্থায় আমি উদাসীন থাকতে পারি না। হারের ক্ষোভ আর জেদ থেকেই সতীর্থের সাথে তর্কে জড়িয়েছিলাম, যার পরিণতি এই অর্থহীন লড়াই এবং আমার ভাবমূর্তি নষ্ট হওয়া।'

মেডিকেল প্রটোকল অনুযায়ী আগামী ১০-১৪ দিন মাঠের বাইরে থাকতে হবে ভালভার্দেকে। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন,' আমি সবসময় শেষ পর্যন্ত লড়াই করতে চেয়েছি। মেডিকেল সিদ্ধান্তের কারণে পরের ম্যাচটি (এল ক্লাসিকো) খেলতে না পারায় আমি সবচেয়ে বেশি মর্মাহত। আমি ক্লাব ও সতীর্থদের যেকোনো সিদ্ধান্তের সাথে সহযোগিতা করতে প্রস্তুত।'

বাস্তব চিত্র ও ক্লাবের অবস্থান

ভালভার্দে ঘটনাটিকে 'দুর্ঘটনা' বলে চালিয়ে দিতে চাইলেও রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ একে হালকাভাবে নিচ্ছে না। ভালভার্দের বিবৃতির আগেই ক্লাব দুই খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন শুরু করেছে। ক্লাবের অভ্যন্তরীণ সূত্রগুলোর দাবি, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। ভালভার্দে চোটের কারণে এবং চুয়ামেনি শৃঙ্খলাভঙ্গের তদন্তের কারণে কোচ আরবেলোয়ার দল থেকে বাদ পড়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত