আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও লম্বা ছুটি শুরু হতে যাচ্ছে। সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুল ও কলেজে। আর ২১ দিনের ছুটি থাকছে মাদ্রাসায়।
২০২৬ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে (রোববার)। এ ছুটি শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। এর আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা মোট ১৬ দিনের টানা ছুটি উপভোগ করবে।
কলেজ পর্যায়ে যদিও গ্রীষ্মকালীন অবকাশ আলাদাভাবে উল্লেখ নেই, তবে ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন যুক্ত হওয়ায় কলেজেও মোট ছুটি দাঁড়াবে প্রায় ১৬ দিন।
মাদ্রাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। সেখানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত কার্যত ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটির দিন যুক্ত হওয়ায় মোট ছুটি দাঁড়াবে প্রায় ২১ দিন।
এদিকে বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে টানা সাত দিনের সরকারি ছুটির সিদ্ধান্ত হয়। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পাচ্ছেন। তবে ২৩ মে ও ২৪ মে অফিস খোলা থাকবে।
এনসিপিতে আরও শতাধিক নেতাকর্মীর যোগদান