অভিনয়ের পাশাপাশি এর আগে একটি নাটক লিখেও আলোচনায় আসেন মডেল-অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেই ধারাবাহিকতায় আসছে ঈদের জন্য নির্মিত হলো তার গল্প ও চিত্রনাট্য নিয়ে বিশেষ টেলিফিল্ম ‘অচেনা আমি’।
তানিম রহমান অংশু পরিচালিত টেলিছবিটিতে অপূর্বও থাকছেন প্রধান একটি চরিত্রে বিপরীতে করেছেন তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এরই মধ্যে এর ফার্স্ট লুক পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে।
অপূর্ব বলেন, ‘সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি? ভালোবাসা আর আত্মপরিচয়ের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছি আমরা। অনেক ভেবেচিন্তে নতুন একটি গল্প দাঁড় করিয়েছি। আমার বিশ্বাস, এ ধরনের গল্প দর্শকের মনে ভিন্নরকম এক বিনোদন দেবে।’
পরিচালক তানিম রহমান অংশু জানান, ‘অচেনা আমি’ মূলত একটি রোমান্টিক ঘরানার নাটক। তবে চিরাচরিত প্রেমের গল্পের পাশাপাশি এতে মানুষের জীবনের গভীর উপলব্ধি এবং প্রিয়জনকে হারিয়ে পুনরায় খুঁজে পাওয়ার এক মানবিক গল্প ফুটে উঠেছে।
নির্মাতা আরও জানান, এই কাজের নেপথ্যে অপূর্বর সৃজনশীল ভাবনা নাটকটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।
অপূর্বর গল্প ভাবনায় এর আগেও বেশ কিছু দর্শকপ্রিয় নাটক নির্মিত হয়েছে। ২০০৭ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় তার লেখা প্রথম নাটক ‘স্বপ্নের নীল পরী’ প্রচারিত হয়। এরপর ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’ ও ‘ফিরে আসা’সহ অসংখ্য নাটক তার গল্পে নির্মিত হয়েছে। জানা গেছে, কোরবানির ঈদের দ্বিতীয় দিন ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হবে।
