খুলনায় আজিজুল ইসলাম নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাতে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের রাইঙ্গামারি এলাকায় এ ঘটনা ঘটে। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আজিজুল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বকুলতলা ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে। তার নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, রাতে তিনটি মোটরসাইকেলে করে ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত এসে অতর্কিত হামলা চালিয়ে আজিজুলকে কুপিয়ে পালিয়ে যায়। ওই সময় তার পিঠ, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত আজিজুলের নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ অন্তত ৭টি মামলা রয়েছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পরবর্তী আইনি কার্যক্রম চলছে।
