জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক জুলাই কনসার্টে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। অনুষ্ঠানে গান গাইতে উঠে দর্শক-শ্রোতা রোষের কবলে পড়েন ব্যান্ডতারকা হাসান। উত্তেজিত জনতা পানির বোতল ছুড়ে মারেন তাকে লক্ষ্য করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং সংগীত অঙ্গনের একাধিক ব্যক্তির ফেসবুক পোস্টে বিষয়টি উঠে এসেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাসান মঞ্চের সামনের দিকে এসে দর্শকদের উদ্দেশে গান গাইছিলেন। এ সময় দর্শকসারির দিক থেকে ছোড়া একটি পানির বোতল তার মুখে গিয়ে আঘাত করে। আঘাতের পর বোতলের পানি তার শরীর ও মঞ্চজুড়ে ছড়িয়ে পড়ে। তবে তিনি গান থামাননি এবং পারফরম্যান্স চালিয়ে যান। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন সুরকার ও গীতিকবি প্রিন্স মাহমুদ।
নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মঞ্চে যখন শিল্পী হাসান ব্যান্ড নিয়ে গান করছিলেন, তখন তাকে বোতল ছুড়ে মেরেছে কেউ কেউ। কেন? সামনের দিকে একটা দল ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দেশ্য অনুষ্ঠানে ছিল?’
অভিযুক্তদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘এদের প্রত্যেককে দাগযুক্ত করুন। মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো সফল ইভেন্ট বা অনুষ্ঠানের প্রধান শর্ত। এ দায়িত্ব কি আয়োজক ঠিকমতো পালন করেছে?’
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমীদের মধ্যেও ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শেষমেশ নিলামে রাজপাল যাদবের বাড়ি
উগান্ডার তারকা ফুটবলার হামলায় নিহত
টাকা লেনদেনের বিরোধে যুবক হত্যা, কুমিল্লায় প্রবীণের যাবজ্জীবন
ফেনীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু, আহত ১