বঙ্গোপসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

আপডেট : ০৯ মে ২০২৬, ১০:০০ এএম

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৬’ পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে ভারত। শুক্রবার (০৮ মে) উড়িষ্যার উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং বিমানবাহিনীর যৌথ তত্ত্বাবধানে এ পরীক্ষা পরিচালিত হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন’ নামে পরিচিত এই ব্যবস্থার প্রথম ফ্লাইট ট্রায়াল সফল হয়েছে। এটি ভারতের নিজস্বভাবে তৈরি এমন একটি প্রযুক্তি, যা সাধারণ বোমাকেও অত্যন্ত নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্রে রূপ দিতে পারে।

এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ১০ হাজার কিলোমিটারের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার কাছেই ১২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। ভারত এ সক্ষমতা পুরোপুরি অর্জন করতে পারলে বিশ্বের প্রায় যে কোনো অঞ্চল তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে।

সম্প্রতি এক প্রতিরক্ষা সম্মেলনে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার চেয়ারম্যান সমীর ভি কামাত বলেন, সরকার অনুমোদন দিলেই অগ্নি-৬ কর্মসূচি এগিয়ে নিতে তারা প্রস্তুত। প্রযুক্তিগত প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

এরই মধ্যে ক্ষমতাসীন দল বিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নি-৬ নিয়ে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে বলা হয়, বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ভারতের নিরাপত্তা আরও শক্তিশালী করবে এবং দেশকে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর কাতারে নিয়ে যাবে।

সূত্র:  টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত