প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল কেমব্রিজের গণিত পরীক্ষা

আপডেট : ০৯ মে ২০২৬, ০৪:৫৭ পিএম

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের একাধিক দেশে অনুষ্ঠিত কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেলের গণিত পরীক্ষার একটি পত্র বাতিল করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন। একইসঙ্গে আগামী ৯ জুন নতুন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

কেমব্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত গণিত বিষয়ের ৯৭০৯/১২ কোডের পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। ফলে পরীক্ষার নির্ভরযোগ্যতা ক্ষুণ্ন হওয়ায় পুরো পরীক্ষাটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত এক হালনাগাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, প্রশ্নপত্রটি তাদের কঠোর নিরাপত্তানীতির লঙ্ঘন করে ফাঁস করা হয়েছিল। ফাঁস হওয়া প্রশ্ন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ‘ক্যালকুলেটেড অ্যাসেসমেন্ট’ বা বিকল্প কোনো মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ না করে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গণিত (৯৭০৯/১২) বিষয়ের পুনঃপরীক্ষা আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য পরীক্ষার্থী কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না। তবে ফল প্রকাশের নির্ধারিত তারিখ ১১ আগস্ট অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেমব্রিজ।

প্রতিষ্ঠানটি বলেছে, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্বেগ তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য ফল প্রকাশের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেমব্রিজ আরও জানিয়েছে, তারা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করে এবং প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির অভিযোগ তদন্ত করে থাকে। বর্তমান ঘটনাটিও তদন্তাধীন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। প্রশ্নফাঁসের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রতিষ্ঠানটি।

কেমব্রিজের তথ্য অনুযায়ী, এ সিদ্ধান্ত শুধু বাংলাদেশেই নয়; আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলেও কার্যকর হবে। এছাড়া কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার কিছু অংশ, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামেও একই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত