দ্বিতীয়বার আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত, শপথ মঙ্গলবার 

আপডেট : ১০ মে ২০২৬, ০৪:০৫ পিএম

দ্বিতীয় মেয়াদে আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা। রবিবার (১০ মে) আনুষ্ঠানিকভাবে আসামের বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ-র পরিষদীয় দলের নেতা হিসাবে তার নাম ঘোষণা করা হয়। 

আগামী মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন হিমন্ত। তার শপথগ্রহণে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এনডিএ-র পরিষদীয় দলের নেতা হিসাবে তাকে বেছে নেওয়ার জন্য মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে ধন্যবাদ জানিয়েছেন হিমন্ত। তিনি জানান, আগামী পাঁচ বছর আসামের উন্নয়নমূলক কাজকে আরও গতি দেবে তার সরকার।

আসন বাড়িয়ে টানা তৃতীয় বার আসাম বিধানসভায় ভোটে জয়ী হয়েছে বিজেপি। ১২৬ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৭৬টি আসন। বিজেপি ৮২টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়। আর এনডিএ জিতেছে ১০২টি আসন।

২০১৬ সালে আসামে ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। সে বার সর্বানন্দ সনওয়ালকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। তার নেতৃত্বেই ২০২১ সালের বিধানসভা ভোটে লড়েছিল এনডিএ। জিতেওছিল। তবে সর্বানন্দকে আর মুখ্যমন্ত্রী করা হয়নি। তার বদলে হিমন্তের কাঁধে আসামের দায়িত্ব দিয়েছিলেন মোদী-শাহ। ২০২৬ সালে হিমন্তের নেতৃত্বে লড়ে আবার জেতে এনডিএ। কিন্তু এ বার আর মুখ্যমন্ত্রী বদলের পথে হাঁটল না বিজেপি। হিমন্তকেই দ্বিতীয় বারের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত