শপথ নিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার

আপডেট : ১০ মে ২০২৬, ০৩:৫৩ পিএম

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন পিটার মাগিয়ার। এর মধ্য দিয়ে ইউরোপের দেশটিতে রুশপন্থী নেতা ভিক্টর অরবানের ১৬ বছরের শাসনের আনুষ্ঠানিক ইতি ঘটল।

শনিবারের শপথ অনুষ্ঠান সামনে রেখে মাগিয়ার হাঙ্গেরির সাধারণ মানুষকে রাজধানী বুদাপেস্টে এসে ‘হাঙ্গেরির নতুন ইতিহাস লেখার’ আহ্বান জানিয়েছিলেন। মাগিয়ারের আহ্বানে সাড়া দিয়ে সেদিন হাজার হাজার মানুষ দেশটির পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছিলেন। সেখানে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে নতুন প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তনের পথ খুবই দীর্ঘ এবং অনেক সময় বেশ কণ্টকাকীর্ণ। কিন্তু শেষ পর্যন্ত হাঙ্গেরির জনগণ জিতে যায়।

মাগিয়ার আরও বলেন, ‘আজ বিশ্বের প্রতিটি স্বাধীনতাপ্রেমী মানুষ একটু হলেও হাঙ্গেরীয় হতে চায়। আপনারা দেশ ও বিশ্বকে শিখিয়েছেন যে সবচেয়ে সাধারণ, রক্ত-মাংসে গড়া মানুষরাই সবচেয়ে নৃশংস স্বৈরশাসককে পরাজিত করতে পারে।’

এর আগে পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মাগিয়ার বলেন, হাঙ্গেরির জনগণ তার দলকে দেশের ইতিহাসে একটি ‘নতুন অধ্যায়’ শুরু করার ম্যান্ডেট দিয়েছে। সেই ম্যান্ডেট হলো—শুধু সরকার পরিবর্তনের নয়, বরং পুরো শাসনব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে নতুন পথে যাত্রা শুরু করা।

অরবানের শাসনামলে হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন মাগিয়ার।

হাঙ্গেরিতে এপ্রিলের সাধারণ নির্বাচনে অরবানের জাতীয়তাবাদী দল ফিদেজের ভরাডুবি হয়, বড় ব্যবধানে জয় পায় পিটার মাগিয়ারের মধ্য ডানপন্থী তিসজা পার্টি। ২০১০ সাল থেকে অরবান হাঙ্গেরির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত