দেশ রূপান্তরের সংবাদ প্রকাশের পর

নীলফামারীতে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

আপডেট : ১০ মে ২০২৬, ০৭:১৯ পিএম

নীলফামারীর কিশোরীগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের পচা ডিম, নিম্নমানের কলা ও বানরুটি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। এরআগে গত ৭ মে দৈনিক দেশ রূপান্তর’ পত্রিকার ৯ পাতায় নীলফামারীতে স্কুল ফিডিংয়ে অনিয়ম নিয়ে ‘পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত শিক্ষার্থীরা-নীলফামারীতে মিড ডে মিল’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

তদন্ত কমিটির নোটিশে বলা হয়, নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলায় বিভিন্ন সংবাদপত্রে কিশোরীগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম সরবরাহ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। বিষয়টি যথাযথভাবে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিম্নবর্ণিত ৩ (তিন) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করা হলো।

এতে আরও বলা হয়, উক্ত অভিযোগের বিষয়ে জরুরী ভিত্তিতে সরেজমিনে তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন আগামী সাত কর্মদিবসের মধ্যে দাখিলের জন্য তদন্ত কমিটিকে বলা হলো।

এবিষয়ে কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত