সিঙ্গাপুর থেকে প্রায় ৪১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জ্বালানিবাহী জাহাজ ‘এমটি সি র্যপটর’। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে জাহাজটি কুতুবদিয়া এলাকার কাছে নোঙর করে।
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য আনা ডিজেল প্রথমে লাইটারিং করে পতেঙ্গার ডলফিন জেটিতে আনা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে, বুধবার (৬ মে) বন্দরের বহির্নোঙরে নোঙর করেছিল সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে আসা ‘এমটি নিনেমিয়া’।
বিপিসি সূত্র বলছে, আমদানি করা অপরিশোধিত তেল রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হচ্ছে। তবে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সরবরাহ ব্যাহত হওয়ায় কাঁচা তেলের মজুত কমে গেলে গত ১২ এপ্রিল রাতে রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার এখন মজুত বাড়ানোর পাশাপাশি বিকল্প উৎস ও রুট থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়