ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে নিহত ৬

আপডেট : ১২ মে ২০২৬, ১০:৩৮ এএম

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৬ জন নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলে কাফর দুনিন গ্রামে একটি আবাসিক বাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

মঙ্গলবার (১২ মে, ২০২৬) ভোরে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

রাতভর চলা এই হামলায় কাফর দুনিনের একটি জনবসতিপূর্ণ বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন প্রাণ হারান এবং আরও ৭ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত টায়ার শহরের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিমান হামলার পাশাপাশি ভোরের দিকে দক্ষিণ লেবাননের অন্যান্য অঞ্চলেও ব্যাপক গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এনএনএ জানিয়েছে, আল-মানসুরি শহরের উপকণ্ঠে ইসরায়েলি কামানের গোলা আঘাত হেনেছে। একই সময়ে মাজদাল জুন সীমান্ত শহরটির আশপাশেও ভারী গোলাবর্ষণ করা হয়।

গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে লেবাননে নিহতের সংখ্যা ২,৮৬৯ ছাড়িয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী নিয়মিতভাবে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে অভিযান ও বিমান হামলা চালাচ্ছে, যার ফলে ওই অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে কাফর দুনিন এবং সোহমোরের মতো আবাসিক এলাকাগুলোতে হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।  

সূত্র: আলজাজিরা 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত