মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে সফরকারী পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন দেশটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমাল। নিজের ফেসবুক পেজে পাকিস্তানের এই হারকে আন্তর্জাতিক ক্রিকেটে ‘চরম লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
পঞ্চম দিনে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ছিল ২৬৮ রান। চা-বিরতির আগ পর্যন্ত পাকিস্তান লড়াইয়ে থাকলেও, শেষ সেশনে চিত্র বদলে যায়। মাত্র ৪৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে গতিঝড়ে ৫ উইকেট শিকার করেন তরুণ পেসার নাহিদ রানা।
পাকিস্তানের দল গঠন প্রক্রিয়া ও মাঠের পারফরম্যান্স নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন কামরান আকমাল। ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, 'আমাদের পারফরম্যান্সের মান কতটা নিচে নামবে? এখন আর কোন দল আমাদের আয়না দেখাবে? আন্তর্জাতিক ক্রিকেটে এটি অত্যন্ত লজ্জাজনক পারফরম্যান্স। বাংলাদেশের মতো দল আমাদের কন্ডিশনে এসে আমাদের বিরুদ্ধে এমন খেলছে যা আসলে আমাদের করার কথা ছিল। তারা এখন ভালো হয়ে গেছে আর আমরা ভালো থেকে খারাপ হয়ে গেছি। পার্থক্য শুধু এটাই।’
পরাজয়ের কারণ হিসেবে মেধার চেয়ে ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দেওয়াকে দায়ী করে তিনি আরও যোগ করেন, 'বড় বড় দাবি করা হচ্ছিল যে লক্ষ্য তাড়া করা হবে এবং ইতিবাচক ক্রিকেট খেলা হবে। তবে এসকল বিষয় তখনই সম্ভব হয়, যখন আপনি মেধার ভিত্তিতে এবং পারফরম্যান্স দিয়ে খেলবেন। পছন্দ-অপছন্দের ভিত্তিতে ক্রিকেট চলে না। মাঠ সবকিছুই দেখিয়ে দেয়। ম্যানেজমেন্ট থেকে শুরু করে খেলোয়াড় নির্বাচন—যদি পছন্দ-অপছন্দের ভিত্তিতে দল গঠন করা হয়, তবে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।'
পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জেতার রেকর্ড ভারতেরও নেই, যা বাংলাদেশ করে দেখাল।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি আগামী ১৬ মে সিলেটে শুরু হবে। সেখানে জিতলে পাকিস্তানকে টানা দ্বিতীয়বার টেস্ট সিরিজে 'হোয়াইটওয়াশ' করার সুযোগ থাকবে নাজমুল হোসেন শান্তর দলের সামনে।
