ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) তাকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতাল মেডান্তা–দ্য মেডিসিটিতে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও একটি ছোট অস্ত্রোপচারের প্রস্তুতির অংশ হিসেবে তাকে সেখানে নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে তার অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বর্তমানে তার বিভিন্ন ধরনের চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা চলছে বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগেও চলতি বছরের জানুয়ারি থেকে এটি তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন ৭৯ বছর বয়সী এই রাজ্যসভার সদস্য।
এর আগে মার্চ মাসে তাকে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় উচ্চ জ্বর দেখা দিলে পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে অ্যান্টিবায়োটিক চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়। সতর্কতামূলক ব্যবস্থায় কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধী—এমন তথ্যও হাসপাতাল সূত্রে আগে জানানো হয়েছিল।
চিকিৎসকদের মতে, শহরের বায়ুদূষণের কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে তিনি ৭৯ বছরে পা রাখেন।
