২০০৪ সালে নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) জয়ের পর কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। মঙ্গলবার প্রকাশিত তার আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লভ’-এ তিনি জানান, নির্বাচনের আগেই রাহুল ও প্রিয়ঙ্কাকে তিনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ না করার সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়েছিলেন। ফল প্রকাশের পর দলীয় নেতাদের প্রবল চাপে তিনি সাময়িকভাবে রাজি হলে প্রিয়ঙ্কা তার মাকে নিজের সিদ্ধান্তে অটল থাকার পরামর্শ দেন। পরে রাহুল ও প্রিয়ঙ্কার পরামর্শে নিজের অন্তরের ডাকে সাড়া দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে অটল থাকেন। খবর আনন্দবাজার.কম
সনিয়া বলেন, যখন রাহুল এবং প্রিয়ঙ্কা জানতে পারেন, তার মা অবশেষে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। সনিয়া বলেন, ‘ওরা (রাহুল-প্রিয়ঙ্কা) খুব আতঙ্কের মধ্যে ছিল এই বিষয়টি নিয়ে। কিন্তু যখন জানল আমি প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, স্বস্তি পেয়েছিল ওরা।’
সনিয়ার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে রাহুন-প্রিয়াঙ্কার আতঙ্কের কারণও ব্যাখ্যা করেন তিনি। তিনি জানান, রাহুল-প্রিয়াঙ্কা ঠাকুমার হত্যাকাণ্ড এবং বাবার নৃশংস হত্যা দেখে মনে করত প্রধানমন্ত্রীর পদ মানেই অনেক বেশি বিপদের আশঙ্কা। সনিয়া বলেন, ‘আমার সিদ্ধান্ত যখন শুনল তখন ওদের চোখেমুখে স্বস্তি দেখেছিলাম।’
কেন প্রধানমন্ত্রী পদের জন্য মনমোহন সিংহকে বেছেছিলেন, তার ব্যাখ্যাও আত্মজীবনীতে দিয়েছেন সনিয়া। সনিয়া মনে করতেন, মনমোহনের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। তিনি বইয়ে লিখেছেন, ‘অনেক প্রবীণ নেতা ছিলেন, যারা এই পদের জন্য যোগ্য ছিলেন। কিন্তু তাদের মধ্যে মননোহন সিংহ এমন এক ব্যক্তিত্ব, যার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারবেন না। শুধু তা-ই নয়, সরকার পরিচালনার বিষয়ে তার সম্যক ধারণা ছিল।’
বইটিতে নিজের পরিবার এবং ব্যক্তিগত জীবন সম্পর্কেও তথ্য তুলে ধরেছেন সনিয়া। সেখানে রাজীব গান্ধী কীভাবে তার (সনিয়া) বাবাকে রাজি করিয়েছিলেন সেই প্রসঙ্গের যেমন বর্ণনা রয়েছে, তেমনই রয়েছে ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্তে তার বিরোধিতার কথাও। এ ছাড়া, শাশুড়ি হিসেবে ইন্দিরা গান্ধী কেমন ছিলেন, নিজের রাজনৈতিক জীবন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কেমন সম্পর্ক ইত্যাদি উল্লেখ করেছেন সেখানে।
শাশুড়ি ইন্দিরা গান্ধীকে নিয়ে স্মৃতিচারণ
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা শাশুড়ি ইন্দিরা কে নিয়েও স্মৃতিরোমন্থন করেছেন সনিয়া।গান্ধী পরিবারের পুত্রবধূ হিসেবে প্রথম বছরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সনিয়া জানান, ইন্দিরা গান্ধীর রাগের বহিঃপ্রকাশ তাকে খুব অস্বস্তিতে ফেলত। কখনও কোনও ব্যক্তির আচরণে ক্ষুব্ধ হলে, তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিতেন। তাকে উপেক্ষা করে চলতেন। নিজের রাগের বহিঃপ্রকাশের কারণে পরে আবার অনুতপ্তও হতেন।
রাজনীতি করতে কেন বাধা দেননি রাহুলকে
স্বামী রাজীব গান্ধী যেন রাজনীতিতে নাম না লেখান, সে জন্য বার বার অনুরোধ করেছিলেন সনিয়া। কিন্তু পুত্র রাহুলকে রাজনীতিতে নামতে বাধা দেননি তিনি। তিনি লিখেছেন, ‘দীর্ঘ সময় ধরে রাজনীতি সম্পর্কে ওর (রাহুল) আগ্রহ ছিল।’ সনিয়া লেখেন, ‘দুই দশক আগে আমি রাজীবকে বার বার অনুরোধ করেছিলাম নিজেকে রাজনীতির সঙ্গে জড়িয়ো না। কিন্তু আমার ছেলের ক্ষেত্রে বাধা দিতে পারিনি।’
প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে সনিয়া
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্কের কথাও আত্মজীবনীতে উল্লেখ করেছেন সনিয়া। সনিয়া জানান, তাদের একে অপরের সঙ্গে দেখা হলে ‘নমস্তে’ জানান। তার কথায়, ‘এটি আগের থেকে আলাদা। অতীতে বিভিন্ন দলের নেতারা একে অন্যের সঙ্গে আন্তরিক আচরণ করতেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদী সাধারণত অন্য দিকে তাকিয়ে থাকেন। সরাসরি তাকানো এড়িয়ে চলেন।’
তবে কংগ্রেস এবং বিজেপির আদর্শগত পার্থক্যের কথা উল্লেখ করে সনিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী যেমন ভারতের জন্য তার নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে লড়াই করছেন, তিনিও তার নিজের মত করে লড়াই চালাচ্ছেন। তবে এই প্রতিদ্বন্দ্বিতা কখনওই ব্যক্তিগত সম্পর্কে বিরোধ সৃষ্টি করেনি।