আগামী ১৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া ফেডারেশন কাপ ফাইনাল ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে। ফাইনালের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে মঙ্গলবার আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সূচি অনুযায়ী বসুন্ধরা কিংস ও মোহামেডানের ফাইনাল হওয়ার কথা কিংস অ্যারেনায়।
মোহামেডানের দাবি, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা উচিত, যাতে দুই দলই সমান সুযোগ পায়। ক্লাবটির ফুটবল ম্যানেজার ও সাবেক ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘গাজীপুর, মানিকগঞ্জ কিংবা মুন্সিগঞ্জের যেকোনো মাঠে ম্যাচ আয়োজন করা যেতে পারে। এতে বিতর্কের সুযোগ থাকবে না।’
চলতি আসরের কোয়ালিফায়ার, এলিমিনেশন ও ফাইনালের ভেন্যু আগেই লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল। সেই লটারিতে ফাইনালের জন্য কিংস অ্যারেনা নির্ধারিত হয়। পরবর্তীতে একই ভেন্যুর দল বসুন্ধরা কিংস ফাইনালে ওঠায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে মোহামেডান।
গত মৌসুমে চ্যালেঞ্জ কাপে কিংস অ্যারেনায় দুই দলের ম্যাচে স্মোক ফ্লেয়ার নিক্ষেপের ঘটনায় দীর্ঘ সময় খেলা বন্ধ ছিল। সেই অভিজ্ঞতার কারণেও এই ভেন্যু নিয়ে আপত্তি রয়েছে মোহামেডানের।
এদিকে বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান একই সঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতির দায়িত্বে থাকায় স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে ফেডারেশন কাপ ফাইনালের আগে মাঠের লড়াইয়ের পাশাপাশি ভেন্যু বিতর্কও এখন দেশের ফুটবল অঙ্গনের বড় আলোচনায় পরিণত হয়েছে।
জাতীয় দলে ফিরছেন জিকো, যাচ্ছেন সান মারিনো ট্যুরে!