মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আবাদ বাড়লেই শক্তিশালী হবে অর্থনীতি

আপডেট : ১৪ মে ২০২৬, ০৬:৪১ পিএম

বর্তমান সরকারের মূল দর্শন হলো দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে চাষযোগ্য এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না এবং কৃষি ও মৎস্য সম্পদের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৪ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্যাম্পাস পলিসি নেক্সাসের (সিপিএন) উদ্যোগে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ একরের বিশাল জলাশয় মৎস্য সম্পদের এক অনন্য সম্ভাবনা, যা আগে যথাযথভাবে ব্যবহৃত হয়নি। সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে প্রায় ৪১২ কেজি বড় আকারের মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে, যাতে এ সম্পদকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজে লাগাতে পারে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের আহ্বানে নেওয়া এ উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের প্রচেষ্টারই অংশ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিযায়ী পাখি ও জলাশয়ে মৎস্য অবমুক্ত করার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থা নেই। এটি একটি সমন্বিত ইকোসিস্টেম, যেখানে পশুপাখি ও মাছ স্বাভাবিকভাবেই সহাবস্থান করে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখেই মৎস্য সম্পদের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব হবে এবং শিক্ষার্থীদের আমিষের চাহিদাও পূরণ করা যাবে।

অনুষ্ঠানের উদ্যোক্তা ও সিপিএনের সংগঠক মেহেদী মামুন বলেন, ক্যাম্পাসের ১৮০ একরেরও বেশি জলাশয়কে কাজে লাগিয়ে আমরা শিক্ষার্থীদের জন্য মাছের জোগান নিশ্চিত করতে চাই। একই সঙ্গে লেকগুলোর পানি দূষণমুক্ত রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করাও আমাদের লক্ষ্য।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত