বগুড়ার শিবগঞ্জে শাহ আলম নামে এক কৃষি শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার সংসারদিঘী গ্রামে জুট মিলের পাশে থেকে মরদেহটি উদ্ধার হয়।
নিহত শাহ আলম (৪০) ওই উপজেলার দুবিলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ও পেশায় কৃষি শ্রমিক।
বিহার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য শাহজাহান আলী বলেন, শাহ আলম আমার ওয়ার্ডের বাসিন্দা। কিছুদিন আগে তার স্ত্রীর সঙ্গে তালাক হয়েছে। সেটা নিয়ে শালিস বৈঠক চলছে। এর মধ্যে শনিবার সকালে এলাকার এক জুট মিলের পাশের জমিতে তার মরদেহ দেখতে পেয়ে আমাকে খবর দেয় স্থানীয়রা।
এবিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেছেন, খবর পেয়ে পুলিশের ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে হত্যার বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।