পাকিস্তানকে ২৩২ রানে গুড়িয়ে ৪৬ রানের লিড নিল বাংলাদেশ

আপডেট : ১৭ মে ২০২৬, ০৩:৩৩ পিএম

পেসের আগুণ আর স্পিনে পাকিস্তানকে সিলেট টেস্টে  ২৩২ রানে গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নিয়েছে শান্তর দল।

আগের দিনের ২১ রান নিয়ে সকালে খেলতে নামা পাকিস্তানকে সকালের সেশনেই বড় ধাক্কা দেন তাসকিন আহমেদ। দিনের দ্বিতীয় ওভারের মাথায় আব্দুল্লাহ ফজলকে (৮) উইকেটকিপার লিটনের চমৎকার ক্যাচে পরিণত করে ব্রেক-থ্রু এনে দেন তিনি। এর কিছুক্ষণ পর আরেক ওপেনার আজান আওয়াইসকেও (১৩) শর্ট লেগে ক্যাচ দিতে বাধ্য করেন এই স্পিডস্টার। ২৬ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান।

দুই ওপেনার দ্রুত ফেরার পর অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে দলীয় ৬১ রানে মেহেদী হাসান মিরাজের বলে শর্ট কাভারে ক্যাচ দিয়ে ফেরেন ২১ রান করা শান মাসুদ। এরপর সৌদ শাকিলকে নিয়ে বাবর লড়াই চালিয়ে যেতে চাইলে, সেখানেও বাধা হয়ে দাঁড়ান মিরাজ। শাকিলকে (৮) সুইপ শট খেলতে বাধ্য করে উইকেটের পেছনে লিটনের ক্যাচ বানান তিনি।

অন্য প্রান্তের ব্যাটাররা থিতু হতে না পারলেও বাবর আজম টেস্ট ক্যারিয়ারের ৩১তম ফিফটি তুলে নেন। তবে ৬৮ রানে লড়তে থাকা বাবরকে মিড অনে নাহিদ রানার শিকার বানিয়ে পাকিস্তানের বড় সংগ্রহের স্বপ্ন ভেঙে দেন বাংলাদেশি বোলাররা।

দ্বিতীয় ও তৃতীয় সেশনে তাইজুল-নাহিদের তাণ্ডব

লাঞ্চের পর ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ। স্পিনার তাইজুল ইসলাম মিডল অর্ডার পুরোপুরি ধসিয়ে দেন। প্রথমে ২১ রান করা সালমান আগাকে মুমিনুলের ক্যাচ বানান। এরপর থিতু হতে যাওয়া উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে (১৩) দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন তাইজুল। ১৮ রান করা হাসান আলীও বড় শট খেলতে গিয়ে তাইজুলের বলেই নাহিদ রানার হাতে ক্যাচ দেন।

তৃতীয় সেশনে পাকিস্তানের লেজের সারি টিকতে পেরেছে মাত্র ১৬ বল। চা-বিরতির পর প্রথম ওভারেই খুররম শেহজাদকে (১০) বিদায় করেন নাহিদ রানা। এরপর শেষ ব্যাটার সাজিদ খানকে (১৪) থার্ড ম্যানে তানজিদ হাসানের দারুণ ক্যাচে পরিণত করে পাকিস্তানের ইনিংসের সমাপ্তি টানেন এই গতিদানব। ২৩২ রানেই থামে সফরকারীদের ইনিংস।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাইজুল ইসলাম ও নাহিদ রানা, দুজনেই ৩টি করে উইকেট শিকার করেন। এ ছাড়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮/১০ (৭৭ ওভার; লিটন ১২৬, নাজমুল ২৯, তানজিদ ২৬; খুররম ৪/৮১)।

পাকিস্তান ১ম ইনিংস: ২৩২/১০ (৬৫.৪ ওভার; বাবর ৬৮, শান মাসুদ ২১, সালমান ২১; তাইজুল ৩/৫৩, নাহিদ রানা ৩/৬৫, তাসকিন ২/৩৫, মিরাজ ২/৪৬)।

*বাংলাদেশ ৪৬ রানে এগিয়ে

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত